শহীদ কাপুরের মা-বাবা কে? (!)




আমার খুব পছন্দের একটি সিনেমার নাম "চুপ চুপ কে"। সিনেমাটি উচ্চমানের সিনেমা না হলেও প্রচুর হাস্যরস আছে এতে। সিনেমার একটি মজার দৃশ্য বর্ণনা করছি। 



রাজপাল যাদব এবং পরেশ রাওয়াল সমূদ্র থেকে শহীদ কাপুরকে পায় এবং তাকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতলে নেওয়ার পর রাজপাল যাদব শহীদ কাপুরের পকেট থেকে একটি কাগজ পায় যেখানে কয়েকজন লোকের নাম থাকে এবং নামের পাশে টাকার একটি পরিমাণ থাকে। পরেশ রাওয়াল আসলে রাজপাল যাদব এই কাগজের কথা বলে। কিন্তু তাদের কেউই শহীদ কাপুর কে, তা জানে না। তারপর তাদের দুইজনের মধ্যে এই কথোকথন হয় ( একদম হুবহু এমন না, হুবহু কি কথা হয়েছিল এর জন্য ওই সিনেমার ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি)। 



পরেশ: এ (অর্থাৎ শহীদ কাপুর) কে?
রাজপাল: এইটা তো এর বাবা জানে। 
পরেশ: এর বাবা কে?
রাজপাল: এইটা তো এর মা জানে। 
পরেশ: এর মা কে? 
রাজপাল: এইটা তো সে (শহীদ কাপুর) জানে!

ব্যাপারটা নিছক হাস্যরসাত্মক। দৃশ্যটি অত্যন্ত মজার (মানে সিনেমার পর্দায়)। কিন্তু এই হাস্যরসের আড়ালে এইখানে একটি চমৎকার লজিক্যাল ফ্যালাসি লুকিয়ে আছে যা খুবই কমন। আমরা প্রতিদিনই কমবেশি এই কুযুক্তি দিয়ে থাকি। এই কুযুক্তির নাম "চক্রাকার কুযুক্তি", ইংরেজিতে "Circular Logical Fallacy"। যুক্তিবিদ্যার বহুল প্রচলিত কুযুক্তি এটি।




এই কুযুক্তিতে দুটি দাবি করা হয়ে থাকে। একটি দাবী আরেকটি দাবীকে সত্য প্রমাণ করতে চায়। এই দাবী দুটো একে অন্যের ওপর নির্ভরশীল। এর কোনটাই প্রমাণিত নয়, তবে একটি আরেকটি দাবীর প্রমাণ হিসেবে সাক্ষ্য দিচ্ছে। 



উপরের কথোপকথন খেঁয়াল করুন। শহীদ কাপুর কে সেইটা জানেন ওর মা-বাবা এবং ওর মা-বাবা কে সেইটা জানে শহীদ কাপুর! এইটা নিয়ে বেশি কিছু বলা মনে হয় অবান্তর হবে। আপনারা নিজেরাই আশা করি ধরতে পেরেছেন বিপত্তি কোথায়। 




লক্ষ করে দেখবেন এমন কুযুক্তি আশেপাশে প্রচুর আছে কিন্তু প্রায় সময়ই আমরা আমাদের বদ্ধ চিন্তার জন্য ওইসব কুযুক্তি ধরতে পারি না। তাই মুক্ত চিন্তার মাধ্যমে আমাদের চারদিকে লক্ষ রাখতে হবে, আমরা সহজেই এমন কুযুক্তি ধরতে পারবো এবং সেই সকল কুযুক্তিদাতাদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো। 


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ